Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

News Tangail

নিউজ ডেস্ক: বগুড়ায় সরকারের সাড়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি করায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং জাহানারা রশিদ নামে এক গৃহবধূর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমিনুল ইসলাম বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

স্থানীয়রা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার রানীরনগর বাজারে বাংলাদেশ জুট কর্পোরেশনের পাট ক্রয় কেন্দ্র ছিল। ব্রিটিশ সরকারের সময় দুই একর ৩৮ শতকের জমিটি সুরুজমল আগরওয়ালা নামে এক ব্যক্তির কাছ থেকে দখল করা হয়েছিল। বগুড়া শহরের কালিতলা এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ গত ২০১০ সালের ১৩ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জমিটি তিন বছরের জন্য লিজ নেন।

প্রতি বছর লিজ মানি ধার্য ছিল ১ লাখ ২০ হাজার টাকা। জাহানারা রশিদ এক বছর লিজ মানি পরিশোধ না করেই ওই জমি কেনার জন্য ২০১১ সালের ২৩ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সরকারি জমি স্থায়ীভাবে বরাদ্দ দিতে বা বিক্রি করতে উন্মুক্ত দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী তা করেননি। তিনি তার পরিচিত জাহানারা রশিদের কাছে দরপত্র ছাড়াই বিক্রির সিদ্ধান্ত নেন।

লতিফ সিদিকী তার একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা ১১ পয়সা মূল্যের জমিটি মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকা ১১ পয়সায় বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ১১ পয়সা আর্থিক ক্ষতি হয়। এদিকে মূল্যবান ওই জমিটি কম দামে বিক্রি করায় সংক্ষুব্ধ হয়ে নওগাঁর রাণীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন হাইকোর্টে রিট করেন। পরে জাহানারা রশিদ সুপ্রিমকোর্টে রিট করলে তার আবেদন খারিজ হয়ে যায়।

দুদকের তদন্তকারী কর্মকর্তা এডি আমিনুল ইসলাম ২০১৪ সাল থেকে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে গত ২০১৭ সালের ১৭ অক্টোবর তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় এ মামলা করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত আবদুল আলী সিদ্দিকীর ছেলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বগুড়া শহরের কালিতলা এলাকার মৃত হারুণ-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদের বিরুদ্ধে সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

তিনি আরও জানান, দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version