নিজস্ব প্রতিনিধি: লন্ডনে টাঙ্গাইল জেলা সমিতি ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত টাঙ্গাইল-৫ (সদর) আসনের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. এখলাছুজ্জামান খান টুটুল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের লৌহজং নদীর উন্নয়ন ও সংস্কার, সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন, প্রবাসীদের জন্য কার্যকর এনআরবি কার্ড চালু, টাঙ্গাইল শহরের সৌন্দর্যবর্ধন ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের উন্নয়ন এবং প্রবাসী টাঙ্গাইলবাসীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি টাঙ্গাইলে প্রবাসী টাঙ্গাইলবাসীদের জন্য একটি অফিস স্থাপনের ব্যবস্থারও আশ্বাস দেন তিনি।
সভায় টাঙ্গাইল জেলা সমিতি ইউকের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম শহীদসহ সমিতির উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমিতির পক্ষ থেকে মানপত্র, ম্যাগাজিন ও টি-শার্ট উপহার দেওয়া হয়।

