নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতায় প্রস্তুত করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মিড-ডে মিল একটি সময়োপযোগী কর্মসূচি। এটি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে, যা শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
