নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘প্রজাবিলি সম্পত্তি’ শীঘ্রই প্রকৃত দাবিদারের নামে নামজারি করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ‘চলমান ভূমি জরিপ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্য প্রদান করার সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, সিএস জরিপকালীন অবশিষ্ট জমিগুলো খাসজমি হিসেবে তালিকাভুক্ত করা হবে, ‘কোর্ট অব ওয়ার্ডস’ তথা ভাওয়াল এবং নওয়াব এস্টেটের নামে নয়।
ভূমিমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, ‘মুজিব বর্ষে অগ্রগণ্য, অসমাপ্ত জরিপ সুসম্পন্ন’ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে মুজিব বর্ষ তথা ২০২০ সালের মধ্যেই চলমান সব জরিপ কাজ শেষ করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
মন্ত্রী আরও বলেন, জরিপ কাজে দীর্ঘসূত্রিতা কিংবা একজনের জমি আরেক জনের নামে দেওয়া কিংবা জমির পরিমাণ কমবেশি করে নকশা প্রস্তুত – বছরের পর বছর এমন অবস্থা চলতে পারে না। ‘আমি এমনভাবে কাজ করতে চাচ্ছি যেন ভূমিমন্ত্রী হিসেবে আমার কার্যকাল স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, জরিপের কাজে আমাদের টেকসই এবং স্থায়ী সমাধানে আসতে হবে।
উল্লেখ্য, চলমান জরিপের মধ্যে, বর্তমানে ৩৭৮ টি মৌজার ডিজিটাল জরিপ এবং ৯৩৯১টি মৌজার ম্যানুয়াল জরিপ বাকি আছে। সবগুলি ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো: মাসুদ করিম সহ জোনাল সেটেলমেন্ট অফিসার ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

