এম সাইফুল ইসলাম শাফলু: বর্ষা মৌসুম শুরুতেই টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ধিয়াল দিয়ে দেশি প্রজাতির মাছের শিকার করা হচ্ছে। বাঁশের তৈরি এ ধিয়াল দিয়ে সহজপদ্ধিতে মাছ শিকার সখীপুরে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। এতে করে মাছ শিকারীদের মধ্যে বিভিন্ন হাটবাজারে ‘ধিয়াল’ কেনার ধুম পড়েছে। মাছ ধরার বাঁশের তৈরি বিশেষ এই ফাঁদ সখীপুরে ‘ধিয়াল’ নামেই পরিচিত। সবচেয়ে আদি উপকরণ হিসেবে গ্রামাঞ্চলে মাছ ধরার এ ফাদ পদ্ধতি ব্যবহার হয়ে থাকে।
উপজেলার ধিয়াল দিয়ে মাছ সংগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম শুরু থেকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খাল-বিল ও নদী-নালায় ধিয়াল দিয়ে মাছ ধরা খুব সহজ একটি পদ্যতি। বাঁশের তৈরি এ ধিয়াল সখীপুরের বিভিন্ন হাটবাজারেই পাওয়া যায় । সরেজমিনে উপজেলার কামালিয়াচালা বাজারে গিয়ে দেখা যায়, সেখানে ধিয়াল ছাড়াও মাছ ধরার বিভিন্ন প্রকার উপকরণ বিক্রির বিরাট হাট বসেছে। বাজারটি নদীর তীরবর্তী হওয়ায় এ অঞ্চলের ধিয়ালের সবচেয়ে বড় মোকাম এটি । এখান থেকে মাছ ধরার উপকরণসহ মাছ ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে নিয়ে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকেন। এছাড়া উপজেলার নাকশালা, তক্তারচালা, চাকদহ, বড়চওনা, বহেড়াতৈলসহ এ অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে এ ধিয়াল বিক্রি করা হচ্ছে।
ধিয়াল দিয়ে মাছ শিকার করা মো. মতি মিয়া বলেন, আমার ১৫টি ধিয়াল আছে আর এতে যে মাছ ধরা পড়ে তাতে করে পরিবারের খাবার মিটিয়েও প্রতিদিন ১০০০-১৫০০ টাকার মাছ বাজারে নিয়ে বিক্রি করা যায়। এছাড়া ধিয়ালের মাছ তরতাজা থাকে বলে বাজারে এ মাছের বেশ কদরও রয়েছে।
সখীপুরে জনপ্রিয় হয়ে ওঠছে ধিয়াল দিয়ে মাছ শিকার

