Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নিখোঁজের ৭ ঘন্টা পর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে হুমাইয়া আক্তার (১৬) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘীরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ইয়া ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে এবং স্থানীয় রাবেয়া বুশরী মহিলা মাদরাসার ছাত্রী। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার শেষে বাবা-মার সাথে একই ঘরে ঘুমিয়ে পড়ে হুমাইয়া। মঙ্গলবার ভোরে সেহরি খাওয়ার জন্য হুমায়ার বাবা-মা ওঠে হুমায়াকে ঘরে না পেয়ে আশ-পাশের বাড়িতে খুঁজতে থাকে। পরদিন সকাল ১১ টা পর্যন্ত খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় হুমায়ার লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। হুমায়ার বাবা ইদ্রিস আলী জানান- তার মধ্যে জ্বিনের আছর ছিলো। প্রায়ই সে দিন ও রাতের বেলায় বাড়ির এদিক-সেদিক অজ্ঞান হয়ে পড়ে থাকতো।

সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version