সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস বল্লাচালা গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি বসতবাড়ির উপর হেলে পড়েছে। খুঁটিতে রয়েছে ১১ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন। যেকোনো সময় তার ছিড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার থেকে কালিদাস পর্যন্ত টানানো বৈদ্যুতিক লাইনের একটি খুঁটি কালিদাস বাজারের পশ্চিম পাশে নবাব আলী মাস্টারের বাড়ির সামনে হেলে পড়েছে। বসতবাড়ির একটি টিনের ঘরের চাল ছুঁই ছুঁই করছে ১১ কেভির ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার। ঝুঁকিপূর্ণ খুঁটিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)।
স্থানীয় বাসিন্দা কবির পান্না বলেন, বিপদজনক ভাবে বাড়ির উপর বৈদ্যুতিক খুঁটিটি হেলে পড়ে আছে। এটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বসত বাড়ির মালিক আবদুস সবুর মিয়া বলেন, ওই খুঁটির কারণে দীর্ঘদিন ধরে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছি। সামান্য বাতাস আসলেই ভয়ে ঘরে থাকতে পারিনা।
নির্বাহী প্রকৌশলীর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অচ্যু দাশ গুপ্ত বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। ঘটনার সত্যতা পেলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

