নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে ঘাসের কীটনাশক পান করার পর শিহাব সিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত শিহাব সিকদার সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম-সংলগ্ন এলাকার রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে শিহাব বিয়ে করেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের দাবি। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর গত সোমবার বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষে ঘাসের কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে জানা গেছে, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে ঘাসের কীটনাশক পান করার দুই দিন পর তার মৃত্যু হয়।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
