Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদেশ ফেরত যুবক নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আক্কাছ আলী (৩০) নামের বিদেশ ফেরত এক যুবক নিখোঁজ হয়েছেন।

গত বুধবার তিনি টাঙ্গাইলের করটিয়া বাইপাস থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে আক্কাছের বাবা জবেদ আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আক্কাছ গত মঙ্গলবার সৌদিআরব থেকে দেশে ফিরেছেন। নিখোঁজ আক্কাছের বাড়ি উপজেলার কৈয়ামধু গ্রামে।

নিখোঁজ আক্কাছের বাবা জবেদ আলী শনিবার বিকেলে সাংবাদিকদের বলেন, দেশে আসার সময় সৌদি আরব থেকে আক্কাছের কয়েকজন বন্ধু মোবাইলসহ কিছু মালামাল দিয়ে দেয়। গত মঙ্গলবার বাড়ি ফিরেই বুধবার সকালে বন্ধুদের বাসায় মালামাল পৌঁছে দিতে আক্কাছ টাঙ্গাইল যায়। বেলা ১২টার দিকে এক বন্ধুর কিছু মালামাল করটিয়া বাইপাসে ওই বন্ধুর স্বজনদের কাছে পৌছে দেয়।

এরপর আক্কাছ টাঙ্গাইল শহরে চলে গেলেও আর বাড়ি ফিরেনি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।বুধবার দুপুরের পর আক্কাছ নিখোঁজ হলে সম্ভাব্য সব স্থানে আক্কাছের খোঁজ নেওয়া হলেও তাঁর কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় জিডি করেন।

গত চারদিন ধরে আক্কাছ আলী নিখোঁজ রয়েছেন।আক্কাছের চাচা দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহীদুল ইসলাম বলেন, আক্কাছ খুবই সহজ-সরল ছেলে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করতে পারে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আক্কাছের নিখোঁজ হওয়ার বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল টাঙ্গাইল হওয়ায় ওই থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version