নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভোট দিতে অস্বীকার করায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী গোলাপীর লোকজন শিপন মিয়া (৩৫) নামের এক ভোটারকে বাড়িতে গিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়নের কালিদাস বল্যাচালা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গোলাপী বেগমের ভাই রফিকুল ইসলাম ও তার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। শিপনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি ওই রাতেই তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত শিপন মিয়া ওই গ্রামের আবদুস সামাদ মিয়ার ছেলে।
জানা যায়, ৮নং বহুরিয়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গোলাপী বেগমের সহোদর ভাই রফিকুল ইসলাম ও তার সমর্থকরা নির্বাচনী এলাকা ১নং ওয়ার্ডের কালিদাস বল্যাচালা শিপন মিয়ার বাড়িতে ভোট চাইতে যান। এ সময় শিপন মিয়া ভোট দিতে অস্বীকার করলে গোলাপী বেগমের ভাই রফিকুল ইসলাম শিপনকে তার ঘরের ভেতর গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরফান মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় আমার মোটরসাইকেল যোগে শিপনকে সখীপুর হাসপাতালে ভর্তি করি। পরে কর্তব্যরত ডাক্তার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিতে বললে তাকে টাঙ্গাইল পাঠানোর ব্যবস্থা করে চলে আসি।
হামলার শিকার আহত দিনমুজুর শিপন মিয়া বলেন, গোলাপীকে ভোট দিতে না চাইলে তার ভাই রফিকুল আমার ঘরে ঢুকে আমার উপর হামলা চালায়। কিছুটা সুস্থ্য হয়ে আইনের আশ্রয় নেবেন বলেও তিনি জানান।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গোলাপী বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনার কথা স্বীকার করেন। তবে তিনি দুএক দিনের মধ্যেই স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

