এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুর্ঘটনার ২৭ দিন পর রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেল ৩ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়ি হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে সমাহিত করা হবে। তাঁর মৃত্যুতে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত: গত ১৭ জুন সকালে আতাউর রহমান গ্রামের বাড়ি হাতিবান্ধার রাজাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে সখীপুর আসার পথে প্রতিমাবংকী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন।
প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ দিন আইসিওতে চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
