Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে শিক্ষক ও তার পরিবারের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদরাসার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়।

মাদরাসার অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে অভিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক আবদুল গফুর মিয়া,দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আশিক জাহাঙ্গীর , বেড়বাড়ী মাদ্রাসার সুপার কামরুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আইসিওতে চিৎিসাধীন রয়েছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version