Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সন্তানদের দিয়ে ভাইয়ের পা ভেঙে দিলেন বোন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ওয়ারিশের জমি নিয়ে বিরোধে নিজ সন্তানদের দিয়ে ভাইয়ের পা গুড়িয়ে দিলেন বড় বোন। বৃহস্পতিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছোট ভাই জুলহাস উদ্দিনকে (৫৫) উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বুড়িরচালা গ্রামের মগর আলীর ছেলে জুলহাস উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তির ওয়ারিশানা নিয়ে একই গ্রামে বিয়ে হওয়া বড় বোন হুরমুজ আলীর স্ত্রী জমেলা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে জামেলা চলছিল। বৃহস্পতিবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় বোন জমেলা খাতুন, তার স্বামী হুরমুজ আলী, দুই সন্তান আলম মিয়া ও শাহজালাল মিয়াকে সঙ্গে নিয়ে জুলহাস উদ্দিনের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ছোট ভাই জুলহাস উদ্দিনের পায়ের হাড় ভেঙে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শাহআলম ও সেন্টু মিয়া বলেন, জমেলা তার স্বামী সন্তান নিয়ে ভাই জুলহাস উদ্দিনকে পিটিয়ে তার ডান পায়ের হাড় গুড়া করে দিয়েছেন। টাকার অভাবে পায়ের অপারেশন করাতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য শহিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version