নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আলভী খানসহ তিন জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে ডেকে নিয়ে বাবার সামনেই উপজেলার নলুয়া হাইস্কুল মাঠে তাদেরকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় রাতেই তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেলে ছাত্রলীগ নেতা আলভী খান নলুয়া বাজারের তালতলা স্ট্রেশনে গেলে একই গ্রামের সাবেক ইউপি সদস্য সিদ্দিক হোসেনের ছেলে সোহাগ আহমেদের কথা কাটাকাটি হয়। পরের দিন ১৪ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি মীমাংসার কথা বলে সোহাগের বাবা সিদ্দিক হোসেন আলভীর বাবা মোতালেব খানকে মুঠোফোনে আলভীকে নিয়ে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে আসতে বলে। পরে মোতালেব খান ছেলে আলভীকে নিয়ে স্কুল মাঠে যাওয়ার পরপরই আলভীর ওপর লোহার রড ও রাম দা নিয়ে হামলা চালায় সোহাগ ও তার লোকজন। এ সময় আলভীর বন্ধু আরাফাত ও সাজিদ এগিয়ে গেলেও তাদেরকে মারধর করা হয়।
মামলার বাদী আলভীর বাবা মোতালেব খান বলেন- সোহাগের বাবা পরিকল্পিতভাবে তাদেরকে ডেকে নিয়ে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়। তিনি হামলাকারী সোহাগসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাহিদুল ইসলাম বলেন- হামলাকারীদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।

