Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সমতা ফেরাতে মরিয়া টাইগাররা

News Tangail

ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিল টাইগাররা। তবে তা কাজে লাগাতে পারেননি। বৃষ্টি আইনে তাদেরই ৭ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফের প্রমাণ করেছে এ ফরম্যাটে তারাই রাজা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০তে এগিয়ে ক্যারিবীয়রা।

আপাতত ওয়েস্ট ইন্ডিজ পর্ব শেষ। সিরিজের বাকি ২ টি-টোয়েন্টি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দু’দলের ক্রিকেটাররা। আগামীকাল রোববার ভোর ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

সিরিজে ঘুরে দাঁড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে কেমন হতে পারে সফরকারী একাদশ তা নিয়ে সর্বমহলে চলছে জল্পনা-কল্পনা।

মার্কিন মূলুকে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে পরিবর্তন এলে আসতে পারে একটি। সেটি আরিফুল হকের জায়গায়। প্রথম ম্যাচে ১৮ বলে ১৫ রান করা এ ব্যাটিং অলরাউন্ডারের স্থলাভিষিক্ত হতে পারেন সাব্বির রহমান।

সূত্র মতে, প্রথম ম্যাচেই সাব্বিরকে একাদশে চেয়েছিলেন কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একাদশে রাখা হয়নি এ হার্ডহিটারকে।

গেল ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন তামিম ইকবাল। কোনো রান না করে সাজঘরে ফিরেছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবু দ্বিতীয় ম্যাচে তামিমের সঙ্গী হিসেবে সৌম্যকেই দেখার সম্ভাবনা বেশি।

আবার তার বদলে ওপেনিং পজিশনে আসতে পারেন লিটন কুমার দাস। আগের ম্যাচে তিনে ব্যাট করা লিটনের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী পজিশনে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ওয়ানডাউনে ব্যাট করবেন সৌম্য।

তারপরেই রয়েছেন মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ। এরপরে সাব্বির অথবা আরিফুল। পেস অ্যাটাকে মোস্তাফিজের সঙ্গী হিসেবে থাকার কথা রুবেলেরই। স্পিন অ্যাটাকে সাকিব, মিরাজের পাশাপাশি থাকছেন নাজমুল ইসলাম অপু।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version