Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সরকার অতিদারিদ্র দূর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সরকার অতিদারিদ্র আগামী পাঁচ বছরের মধ্যে দূর করতে চায়। তিনি বলেন, এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্টানে অতি দরিদ্রদের লিস্ট করতে এবং তাদের সাহায্যে বিত্তবান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এগিয়ে আসারও আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি ৪১জন ব্যক্তি ও ২০ টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। আগামীতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে এদেশে কোনো ব্যক্তি গৃহহীন থাকবে না। শেখ হাসিনার সরকার জনগণের সরকার।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের সভাপতিত্বে এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ বক্তব্য রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version