Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাকিবকে ছাড়াই সন্ধ্যায় দেশ ছাড়বে টাইগাররা

News Tangail

দরজায় কড়া নাড়ছে এশিয়ার ছয় জাতির শ্রেষ্ঠত্বের লড়াই। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে। অন্যদিকে দলের সেরা অস্ত্র সাকিব আল হাসান আমেরিকা থেকে সরাসরি দুবাইয়ে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে।

মাশরাফিদের সাথে শুধু সাকিব নয়, আরো যেতে পারবেন না এশিয়া কাপের ম্যানেজারের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন ও দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারবেন না তারা। তবে এশিয় কাপ শুরুর আগেই টুর্নামেন্টের ভেন্যুতে উপস্থিত থাকবেন বলে আশা করছেন প্রধান নির্বাচক নান্নু।

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট যোগে মাশরাফি বিন মর্তুজা ও তার দল সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঘোষিত স্কোয়াডের ১৬ সদস্যের মধ্যে একসঙ্গে ঢাকা ছাড়বে ১৫ ক্রিকেটার।

বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটানোয় তাকে ছাড়াই রওনা দেবে টাইগাররা। তবে এশিয়া কাপ মিশনের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মাহমুদউল্লাহ রিয়াদ গতকাল ফিরেছেন দেশে। রিয়াদও আজ মাশরাফি-মুশফিকদের সঙ্গে আরব-আমিরাতের বিমানে বসবেন।

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুমিনুল হক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version