নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শুরু করার পরেই বিপদের মুখে পড়তে হয়েছিলো বাংলাদেশ ‘এ’ দলকে। এদিন সকাল সাড়ে ৯টায় দিন লঙ্কানদের থেকে ৪০৫ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। তবে খেলা শুরুর কিছুক্ষণ পরেই অভিজ্ঞ তুষার ইমরানের উইকেটটি হারাতে হয় তাদের।লঙ্কান স্পিনার লক্ষ্মণ সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে মাত্র ২৫ রান করেন তুষার। অবশ্য এরপরেই দলের বিপর্যয় সামাল দেয়ার দায়িত্ব নেন জাতীয় দলের দুই ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে শত রানের কোটা পার করার পাশাপাশি কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বাংলাদেশ।
এরই মধ্যে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মোসাদ্দেক। বর্তমানে ক্রিজে ৭২ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। যেভাবে ব্যাটিং করছেন সিরিজের প্রথম সেঞ্চুরিও হয়তো তুলে নিবেন তিনি। অপরদিকে সৈকতের সঙ্গী হিসেবে ক্রিজে থাকা সাব্বিরের সংগ্রহ ১৪ রান। অবশ্য মোসাদ্দেক এবং সাব্বির মিলে স্কোরবোর্ডে ১৩৮ রান তোলার পরেই হানা দেয় বৃষ্টি। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে।
বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৩৮ রান (৫২ ওভার)। এর আগে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে লাহিরু থিরিমান্নের অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৪৯ রানের পাহাড় নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল। থিরিমান্নের ১৬৮ রানের ইনিংসটি ছাড়াও ব্যাট হাতে দারুণ খেলেছেন দিমুথ করুনারত্নে, চারিথ আসালাংকা এবং আশান শাম্মু। এই তিন ব্যাটসম্যানই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তাদের মধ্যে আসালাংকা ৯০ রান করে রান আউটের শিকার হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। অপরদিকে করুনারত্নে ৬০ এবং শাম্মু ৭০ রান করেছেন।
বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট নেন। জবাবে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৪৪ রান তুলতেই ২ উইকেট হারাতে হয় বাংলাদেশকে। দুই ওপেনার সৌম্য সরকার এবং সাদমান ইসলামের উইকেট দুটি একাই তুলে নিয়েছিলেন ডান হাতি মিডিয়াম পেসার শিহান মাদুশাংকা। দলীয় ২৯ রানেই দুইটি উইকেট হারানোর পর অবশ্য তুষার ইমরান এবং অধিনায়ক মোসাদ্দেকের ব্যাটে বাকি দিন নির্বিঘ্নে পার করেছিলো বাংলাদেশ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
