Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ফায়ারিং প্রতিযোগিতায় টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক: কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ দিনব্যাপী ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

ফায়ারিং প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘শান্তিপূর্ণ সময়ে সেনাবাহিনী মূলত প্রশিক্ষণে নিজেদেরকে নিয়োজিত রাখে। আর এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে থাকে। সেনা সদস্যরা ফায়ারিংয়ে পারদর্শী না হলে কোনো প্রশিক্ষণই তেমন একটা কাজে আসবে না। তাই এ ফায়ারিংকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি।’

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশন দল ৩১৫.৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন দল ৩১০.৩১ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।

প্রতিযোগিতায় ৭ পদাতিক ডিভিশনের সৈনিক শ্রী অসীম কুমার শর্মা শ্রেষ্ঠ ফায়ারার এবং ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক মো. মেহেদী হাসান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস্ চৌধুরী ও সেনাসদরসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কুমিল্লা অঞ্চলের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ এ প্রতিযোগিতা শুরু হয় এবং ৫ মার্চ প্রতিযোগিতা শেষ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version