Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হুমকি দিয়ে সরকারের পতন করা যাবে না: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত।

অনলাইন থেকে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হুমকি দিয়ে সরকারের পতন করা যাবে না। আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। তিনি বলেন, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সম্মেলনের শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আন্দোলন হলে রাজপথ, শহর, পাড়া- মহল্লা ইউনিয়ন ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিবে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ডাক দিয়ে যাবেন। মহাসমাবেশ কাকে বলে চট্টগ্রামে বুঝিয়ে দেবে।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই। মাঠ ফাঁকা। আর ময়মনসিংহে একটি মাত্র জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সেখানে জনতার ঢল। তিল ধারণের ঠাঁয় নেই। লাখো মানুষের ঢল নেমেছে ময়মনসিংহ জেলা ও মহানগরের সম্মেলনে।

ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফখরুল সাহেব, খেলা হবে। দেখা যাবে কত ধানে কত চাল’। অপেক্ষা করুন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের মাস। ডিসেম্বর মাস বঙ্গবন্ধুর মাস শেখ হাসিনার মাস, মুক্তিযোদ্ধাদের মাস, মুক্তিযুদ্ধের চেতনার মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version