নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজার ভূমি জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভুক্তভোগীদের শুনানি গ্রহণ ও সরেজমিন পরিদর্শন করতে আজ রোববার সখীপুরে আসছেন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদের নেতৃত্বে ওই কমিটি ভুক্তভোগীদের শুনানি গ্রহণ করবেন।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান বলেন, ১৪টি মৌজার ভূমি মালিকানা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি ভুক্তভোগীদের শুনানি গ্রহণ ও সরেজমিন পরিদর্শন করতে আসছেন। শুনানি গ্রহণকালে স্থানীয় এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থাকবেন।
এদিকে ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি শুনানিতে ভুক্তভোগীদের উপস্থিত করতে কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

