Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

২৩ জুলাই থেকে বিদেশ যেতে চাইলে লাগবে করোনা সনদ

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার  বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট নিতে হবে যাত্রীদের। বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে। শুধু তাই নয় ভুয়া রিপোর্ট বন্ধে নির্ধারিত করে দেওয়া হয়েছে ঢাকাসহ দেশের ১৬টি হাসপাতাল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যাত্রীদের সরকার ঘোষিত এ সিদ্ধান্ত অনুসরণের অনুরোধ জানিয়েছে। শনিবার বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকার ঘোষিত করোনা পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলি প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনায় বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।করোনা পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে। যে ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে করোনা টেস্ট করানোর কথা বলা হয়েছে সেগুলো হলো…. বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান। এ ছাড়াও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং সিলেট এমএজি মেডিকেল কলেজ। শুধু এসব প্রতিষ্ঠানের ফলাফলই গ্রহণযোগ্য হবে বলেও জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version