Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৩ দফা দাবিতে লতিফ সিদ্দিকীর আমরণ অনশন চলছে

News Tangail

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আমরণ অনশন করছেন ।

রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তার কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনার পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি ৩ দফা দাবি জানান।

দাবিগুলো হলো- কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার, গাড়ি ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু নির্বাচনের লক্ষে শান্তি শৃংখলা বজায় রাখার প্রতিশ্রুতি যাতে করে এ ধরণের হামলার ঘটনা আর না ঘটে এজন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে লিখিত দেয়ার জন্য বলা হয়।

এছাড়াও বিকেলে আব্দুল লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ৩ দফা দাবির বিষয়টি সাংবাদিকদের জানিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন। এতে আশস্ত হয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর ইন্দনে আমার গাড়িবহরে হামলা করেছে।

এসময় আমার গাড়িসহ আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আমার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। এঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version