Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৮২তম জন্মদিনেও অনশনে লতিফ সিদ্দিকী

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক: আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর ৮২তম জন্মদিন মঙ্গলবার। আর এই দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা তাকে ওষুধ সেবন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া ৮২তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে স্ত্রী লায়লা সিদ্দিকীও তাকে ওষুধ সেবনের অনুরোধ জানান।

তবে লতিফ সিদ্দিকী জানিয়েছেন, তার মৃত্যু হলেও তিনি দাবি পূরণ না হলে অনশন ভাঙ্গবেন না।

প্রবীণ এই রাজনীতিক রোববার দুপুর থেকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেন। লতিফ সিদ্দিকী হামলাকারীদের গ্রেফতার এবং কালিহাতী থানার ওসি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।

তার সমর্থকরা জানান, এই কর্মসূচি শুরু করার পর থেকে তিনি খাদ্যও গ্রহণ করেননি। মঙ্গলবার সকালে বৃষ্টির সময় লতিফ সিদ্দিকীকেসহ তার শুয়ে থাকা চৌকিটি জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দায় তোলা হয়। দুপুরের পর ওই কার্যালয়ের সামনে একটি টিনশেডের নিচে নেয়া হয় লতিফ সিদ্দিকীকে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ সুজাউদ্দিন তালুকদার ও রাশেদুল হাসান লতিফ সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করেন।

পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, লতিফ সিদ্দিকীর হৃদস্পন্দন কমে গেছে। রক্তচাপও বেড়েছে। ইতিপূর্বে তিনি ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়েছিলেন। তার দুটি রিং পড়ানো রয়েছে। ওষুধ খাওয়া বাদ দেয়ায় তিনি ঝুঁকির মধ্যে আছেন। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version