Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর মাথা ন্যাড়া; গ্রেফতার ২

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে কাতার প্রবাসীর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে কয়েকজন বখাটে যুবক।

গত ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে উপজেলার ইচাইল গ্রামে । এ বিষয়টি নিয়ে লজ্জায় কারও সামনে মুখও দেখাতে পারছেন না কাতার প্রবাসীর স্ত্রী । এ ঘটনার পরদিন জীবনের নিরাপত্তার জন্য তার খালার বাসায় আশ্রয় নিয়েছে ওই গৃহবধূ । পরে তার খালার পরিবারে সাথে পরামর্শ করে ১৫ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন।

এ দিকে অভিযোগ পাওয়ার পর ওই দিনই গ্রেফতার করা হয় উপজেলার ইচাইল গ্রামের মোঃ শামছুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে শফিকুল ইসলামকে (২৩)। এই দুইজন ছাড়াও আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে এ মামলায় ।

মামলা সূত্রে জানা যায়,কাতার প্রবাসীর স্ত্রী তার ৫ বছরের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে প্রতিনিয়তই তাকে উত্যক্ত করতো এলাকার কয়েকজন বখাটে। গত ৯ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘরে ঘুমোতে যায় ওই গৃহবধূর। রাত ১১ টার দিকে অভিযুক্ত ও গ্রেফতারকৃত আসামীরা কৌশলে তার ঘরে ঢুকে তার মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করার চেষ্টা করে। ডাক চিৎকার করলে মেয়েকে খুন করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে তাকে ধর্ষণ করতে ব্যর্থ হলে অভিযুক্তরা তার হাত পা বেঁধে চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনা প্রকাশ করলে তার সংসার টিকবেনা মর্মে হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।

গৃহবধূর সাথে কথা হলে তিনি বলেন, ওই বখাটেগুলো আমাকে দেখলেই খারাপ কথা বলতো। অনেক সময় কু-প্রস্তাব দিতো।বখাটেদের দেয়া কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার সংসার নষ্ট করে দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে তারা। আমি এর সুষ্ঠু বিচার চাই। যাতে এদের বিচার দেখে আর কেউ এমন খারাপ কাজ করতে সাহস না পায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ মোট চার জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সোহেল কুদ্দুস ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version