Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সখীপুরের হামিদ সিকদার হিমেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না

News Tangail

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামিদ সিকদার হিমেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা ছিল তার। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

হিমেল ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার জামালহাটকোড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। তিনি ঢাবির রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত।

হিমেলের বাবা বিল্লাল সিকদার, চাচাতো ভাই মাহফুজ, একাধিক বন্ধু ও জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হিমেল তাঁর বাবাকে মোবাইলে জানায় শুক্রবার অথবা শনিবার বাড়ি ফিরবে। পরে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় হল থেকে বের হয়ে এখনো বাড়ি ফেরেনি। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।

হিমেলের বন্ধু ফেরদৌস আহমেদ বলেন, শহীদুল্লাহ হলের প্রভোস্ট এরই মধ্যে হিমেলের কক্ষ পরিদর্শন করেছেন। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

হিমেলের বাবা বিল্লাল সিকদার মোবাইলে জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কোথাও ছেলের সন্ধান পাইনি। আমাদের সঙ্গে কখনো মনোমালিন্যও হয়নি, তাহলে কেনো সে নিখোঁজ হবে?

হিমেলের বাবা আরও বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাবির অপর শিক্ষার্থী ও হিমেলের চাচাতো ভাই মাহফুজ তালুকদার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া হিমেলের একাধিক বন্ধুও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, নিখোঁজ হিমেলের ব্যবহৃত মোবাইলের সর্বশেষ লোকেশন টাঙ্গাইল দেখাচ্ছে। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমরা বিভিন্নভাবে তাকে খোঁজে বের করার চেষ্টা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version