এম সাইফুল ইসলাম শাফলু: সখীপুরে বিদ্যুতায়িত হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক গণি মিয়া ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে গণি মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি ক্ষেতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গণি মিয়া তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর এক ছেলে প্রবাসে এবং দুই ছেলে বাড়িতে কৃষিকাজ ও সংসার পরিচালনা করেন।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
