শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে তার পক্ষে আওয়ামীলীগের একটি বড় অংশ কাজ করছেন বলে জানা গেছে।
এক্ষেত্রে আওয়ামীলীগ মনোনিত দলীয় নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীর বিজয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে লতিফ সিদ্দিকী।
জানা যায়, কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনে নৌকা প্রতীকের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের অবস্থান স্পষ্ট হচ্ছে। মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রীত্ব লাভ করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে নেতিবাচক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২২টি মামলা হয়। এক পর্যায়ে তিনি মন্ত্রীত্ব হারান এবং তাকে দল থেকে বহিস্কার করা হয়।
২০১৪ সালের সেপ্টেম্বরে লফিত সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে উপ-নির্বাচনে ওই আসনে দলীয় ব্যানারে এমপি নির্বাচিত হন আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
