নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকার দলীয় লোকজন বাধা দেয়ার অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা।
লিখিত অভিযোগে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান অভিযোগ করেন, গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার আনেহুলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভার আগেই স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের ৫০/৬০ জন লোক হামলা চালায়।
এ সময় তারা জনসভার মঞ্চ ও চেয়ার ভাংচুর করে জনসভা পন্ড করে দেয়। গত কয়েকদিনে একাধিক গায়েবি মামলায় বিএনপির কয়েকশ” নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বিভিন্ন স্থানে হামলা ও প্রচারযন্ত্র ভাংচুরসহ নানা ভাবে নির্যাতন ও পুলিশী হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনায় রিটানিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে তাৎক্ষনিক প্রতিকার চেয়েও পাওয়া যায়নি।
এ ব্যপারে আজ রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি । এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।