নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ঘুড়ি বাঁচাতে নদীতে লাফ দেওয়া সেই ভ্যান-রিকশা চালক মজিবর রহমানের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।
পাঁচদিন লাশ না পাওয়ার পর শুক্রবার বিকেলে বাসাইল উপজেলার ঝিনাই নদীর তীরবর্তী আদাজান ব্রিজ এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন।
ওসি হারুন অর রশিদ বলেন, ‘গত ১৯ জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি উড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে লাশটি নদীর পানিতে ভেসে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
