শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ ভবনে হচ্ছে ভোটগ্রহণ

টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ ভবনে হচ্ছে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক:পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া কেন্দ্রে ঢালু স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। আবার ঝুঁকিপূর্ণ ভবনে গিয়ে ভোটও দিচ্ছেন তারা।

আবুল হোসেন নামের এক ভোটার জানান, ভোটকেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে অনেক আগেই। এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে হচ্ছে। এতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

অন্য একজন ভোটার রানু বেগম জানান, উৎসব মুখর পরিবেশেই বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। কিন্তু ঢংপাড়া প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হওয়ার পরেও এখানে ভোটকেন্দ্র করা হয়েছে। আমাদের অন্য কোনো উপায় না থাকায় আমরা বাধ্য হয়ে এখানে ভোট দিতে এসেছি।

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রেজাউল করিম জানান, এভাবে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। নেই কোনো বিদ্যুৎ সংযোগ। ভোট শুরুর আগে অন্য একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভজন চন্দ্র দাস জানান, জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে হচ্ছে সাধারণ ভোটারদের। এ ছাড়া লাইনে দাঁড়িয়ে থাকতেও খুবই কষ্ট হচ্ছে তাদের। কেন্দ্রের ভেতরে থাকা সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular