নিউজ টাঙ্গাইল ডেস্ক:বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ১০ যাত্রীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন। ২৯ মে রোববার ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিউজ টাঙ্গাইলকে নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ।
তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৮জন নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। নিহত ৮ জনের মধ্যে ১ জন শিশু । পরে হাসপাতালে আরও দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা নিহত ১০
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর নিউজ টাঙ্গাইলকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। আহত-নিহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।
