ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদুল আযহার দিন (১০ জুলাই) ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক। দুই গ্রামের বিরোধের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ নিদের্শনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী।
গত বুধবার (৬ জুলাই) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম এ আদেশ জারি করেন।
জারিকৃত পত্র থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। দুই গ্রামের বিরোধের কারণে ঈদুল আযহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারার আদেশ জারি করা হয়।
আদেশে ঈদগাহ মাঠের ৪০০ গজের মাধ্যে সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, লাঠিসোটা বহন, মাহক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, দুই শ বছরের পুরনো উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক যুগ ধরে বিরোধ চলে আসছে। যার কারণে দীর্ঘ এক দশক ধরে নামাজ আদায় করতে পারছেন না দুই গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ।
