বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকথা রাখেনি জনপ্রতিনিধিরা, তাই নিজেরাই নির্মাণ করল গোরস্থানের রাস্তা

কথা রাখেনি জনপ্রতিনিধিরা, তাই নিজেরাই নির্মাণ করল গোরস্থানের রাস্তা

  • নিজস্ব প্রতিবেদক: নির্বাচন আসলে প্রার্থীরা নানা উন্নয়নের প্রতিশ্রুতির কথা শোনায়। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন রাস্তাঘাটের যাতায়াতের উন্নয়নসহ নানাবিধ সমস্যা সমাধান করার আশ্বাস দেন। এ নিয়ে অনেক জনপ্রতিনিধরা তাদের কথা রাখলেও এর উল্টো ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার পূর্বপাড়া গ্রামে।

এই গ্রামে দীর্ঘ ১৫ বছরে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও সামাজিক গোরস্থান যাওয়ার একটি রাস্তা নির্মাণ করে দেয়নি, দেখিয়েছে নানা অজুহাত। তাই সাভার সামাজিক গোরস্থান থেকে দক্ষিণপাড়া আমির আলী সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা করছেন এলাকাবাসী।

জানা গেছে, সাভার পূর্বপাড়া সামাজিক গোরস্থানটি দীর্ঘদিনের পুরনো। যাতায়াতের কোন রাস্তা না থাকায় মরদেহ গোরস্থানে নিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে নৌকা ব্যতিত গোরস্থানে যাওয়ার কোন সুযোগ নেই। এলাকাবাসী দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেও কোন সুফল পায়নি।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় শতাধিক লোকজন নিজেদের স্বেচ্ছাশ্রমে পাশের খাল থেকে মাটি কেটে রাস্তা (নির্মাণ) বাঁধছেন। কেউ মাটি কেটে টুকরি ও সিলভারের ডিসে ভরে দিচ্ছেন, কেউ টুকরি ও ডিস মাথায় করে মাটি মাথায় নিয়ে যাচ্ছেন। আবার কেউ রাস্তা ফেলা মাটিগু যাতে ধসে না যায় সে লক্ষে সমান করছেন।

স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা আতিকুর রহমান, দুলাল মিয়া, ফরিদ উদ্দিন, লুৎফর রহমান ও আলহাজ হুরমুজ আলীসহ অনেকে জানান, ভোটের সময় এলেই স্থানীয় প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট চলে গেলে ভুলে যায়। এ রাস্তা নির্মাণ করার জন্য জনপ্রতিনিধিদের কাছে বার বার অনুরোধ করলেও কেউ কথা রাখেনি।

এ বিষয়ে গোরস্থান কমিটির সভাপতি আলীম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইসহাক উদ্দিন জানান, গত ১৫ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করলেও গোরস্থানে যাওয়ার রাস্তাটি করে দেয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি নির্মাণে এগিয়ে এসেছে রাস্তা নির্মাণ করছে।

এ ব্যাপারে কোকডহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাছেদ মিয়া জানান, গোরস্থানের এ রাস্তাটি নির্মাণে তারও প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হওয়ার পর তিনি একটি প্রজেক্ট ইউনিয়ন পরিষদে দিয়েছেন। অনুমোদনের অপেক্ষার মাঝেই এলাকার লোকজন রাস্তার কাজ শুরু করে দিয়েছেন।

এ প্রসঙ্গে কোকডহরা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, গোরস্থানের ওই রাস্তাটি তাদের প্রজেক্ট তালিকায় রয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা রয়েছে। এরই মধ্যে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছে। এটা খুবই ভালো দিক। প্রজেক্ট পাশ হলে গোরস্থানের উন্নয়ন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular