বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান; ক্ষুব্ধ শিক্ষক ও স্থানীয়রা

ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান; ক্ষুব্ধ শিক্ষক ও স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে শ্রেণিকক্ষে শাসন করায় এক নারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২২ জুন উপজেলার ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে শাসনের একপর্যায়ে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের কথা-কাটাকাটি হলে ক্ষুব্ধ শিক্ষার্থী ওই শিক্ষককে থাপ্পড় ও ঘুষি মারে।

এ ঘটনায় বুধবার (২৪ জুন) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীকে শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইতে বলা হয় এবং তার বাবা, বিদ্যালয়ের দপ্তরি সবুর মিয়াকে সতর্ক করা হয়।

তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ভুক্তভোগী শিক্ষক নাজমুন নাহার নাহিদ। তিনি জানান, এমন পরিবেশে আর বিদ্যালয়ে ফিরে যেতে চান না। প্রয়োজন হলে নিজ জেলায় বদলির সুযোগ পেলে বিষয়টি বিবেচনা করবেন।

সালিশ বৈঠকের প্রধান ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূঁইয়াও স্বীকার করেছেন, বৈঠকের সিদ্ধান্তে ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয়দের একটি অংশ অসন্তুষ্ট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, দপ্তরি সবুর মিয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বিদ্যালয় পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত ছিলেন না। পরে লোকমুখে শুনে বিদ্যালয় পরিদর্শন করেছেন।

এদিকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান জানান, বিষয়টি তিনি সরাসরি কারও কাছ থেকে না জানলেও ঘটনাটি সম্পর্কে শুনেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular