নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের এক কন্যাশিশুকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে জীবিত উদ্ধার করেছে সিকিউরিটি রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মোছা. বেলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে ঘাটাইল উপজেলার খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, শিশুটির মা একজন পোশাকশ্রমিক। কর্মস্থলে থাকার সময় শিশুটির দেখাশোনার জন্য গত ১ সেপ্টেম্বর থেকে বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন তিনি। গত ৮ সেপ্টেম্বর শিশুটিকে ওই নারীর কাছে রেখে কর্মস্থলে যান পরিবারের সদস্যরা। রাতে বাসায় ফিরে তাঁরা শিশু ও গৃহকর্মী কাউকেই খুঁজে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেন।

ঘটনার পর এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাটাইলের খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বেলী বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে শিশুটিকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি-৪ জানিয়েছে, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর