নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়েকে পড়ানোর সুবাদে ওই বাড়িতে যাতায়াত করতেন অভিযুক্ত শিক্ষক। অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট ওই নারীকে ধর্ষণ ও তাঁর আপত্তিকর ছবি ধারণ করেন তিনি। পরে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর