সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত

নিউজ ডেস্ক: সৌদি আরবে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৭) নামে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার আনোয়ারকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত আনোয়ারের স্বজন ও সহকর্মীরা দুর্ঘটনার খবরটি তার পরিবারের সদস্যদের জানান। এ খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

আনোয়ারের বড় ভাই সানোয়ার হোসেন জানান, তিন ভাইয়ের মধ্যে আনোয়ার ছিলেন মেজো। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া এবং ঋণের চাপে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রবাসে গেলেও শেষ পর্যন্ত সেখানেই প্রাণ হারাতে হলো তাকে।

সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আনোয়ার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।

তিনি আরও জানান, আনোয়ারের বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর