ঘাটাইলে কৃষকের তিন বিঘা জমির পাকা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের তিন বিঘা জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে গেছে। ঋণ করে চাষ করা ফসল এক রাতেই আগুনে পুড়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক মোহাম্মদ আব্দুল (৫৫)। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক আব্দুলের জমিতে স্তূপ করে রাখা ধানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার তিন বিঘা জমির ধান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। সারা বছরের শ্রম, ঘাম ও স্বপ্নের ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জানান, তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য জমিতেই স্তূপ করে রেখেছিলেন। গভীর রাতে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, অনেক ধারদেনা করে ধান চাষ করেছি। ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ অবস্থায় সরকারি প্রণোদনা, আর্থিক অনুদান ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর