বিনোদন রিপোর্ট: টাঙ্গাইলের সখীপুরের সন্তান গীতিকবি সাইফুল বারীর লেখা প্রকাশিত গানগুলোর লিরিক নিয়ে তৈরি মোবাইল অ্যাপ ‘গানের বই-Bangla Lyrics’ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ইতোমধ্যে অ্যাপটি ৬৫ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।
বাংলা গানের শ্রোতা ও লিরিকপ্রেমীদের জন্য তৈরি এই অ্যাপে রয়েছে শুধু সাইফুল বারীর লেখা প্রকাশিত গানগুলোর লিরিক। সহজ ব্যবহারযোগ্য ডিজাইন ও দ্রুত সার্চ সুবিধার কারণে অল্প সময়েই অ্যাপটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষও অ্যাপটি ব্যবহার করছেন। ফলে ধীরে ধীরে এটি বাংলা গানের লিরিকভিত্তিক একটি পরিচিত প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
গীতিকবি সাইফুল বারী বলেন, “আমার লেখা প্রকাশিত গানগুলো এক জায়গায় সংরক্ষণ এবং মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই ‘গানের বই’ অ্যাপের যাত্রা শুরু। মানুষের এই ভালোবাসা আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।” তিনি জানান, সামনে অ্যাপটিতে আরও নতুন প্রকাশিত গানের লিরিক যুক্ত করা হবে।
