মামলায় গোলাম কিবরিয়াকে এক লাখ টাকা জরিমানাও করেছেন আদালত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত গোলাম কিবরিয়া নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের প্রয়াত তুলা মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩০ আগস্ট রাতে তৎকালীন র‌্যাবের একটি দল কোকাদাইর গ্রামে অভিযান চালায়। এ সময় গোলাম কিবরিয়াকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন র‌্যাবে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সবুজ মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীজীব অধিকারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলা চলাকালে গোলাম কিবরিয়া জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করেছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর