নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ১২টি উপজেলায় এ বছর ১ হাজার ৩৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। রঙ-তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৭০টি মণ্ডপ রয়েছে মির্জাপুর উপজেলায়। এ ছাড়া টাঙ্গাইল সদরে ২৩৩টি, কালিহাতীতে ১৮২টি, নাগরপুরে ১৩৮টি, দেলদুয়ারে ১২৮টি, ঘাটাইলে ৯৪টি, বাসাইলে ৮১টি, মধুপুরে ৬০টি, গোপালপুরে ৫৭টি, সখীপুরে ৪৪টি, ধনবাড়ীতে ৩৬টি এবং ভূঞাপুরে ৩৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিমা তৈরির কারিগররা বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরির পর এখন রং ও অলংকরণের কাজ করছেন। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরিতে লাভ কমেছে বলে জানিয়েছেন কারিগররা।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি পূজা কমিটির স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
