নিজস্ব প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্বে বিশ্বাস করে না বিএনপি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ এই ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সরকার বরাদ্দকৃত চাল ও ঢাকা জেলা পরিষদের বরাদ্দ করা নগদ অর্থ বিতরণ করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দুর্গাপূজাকে সরকার ও বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য অতীতের মতো এবারও সহযোগিতা করা হবে। ইতোমধ্যে প্রতিটি পূজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুযায়ী ধর্ম-বর্ণনির্বিশেষে এ দেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি। বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং সংখ্যালঘু তত্ত্বের বিপক্ষে।

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি করা যাবে না। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদেরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবার। কেউ যাতে অরাজকতা সৃষ্টি বা ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং দেশের মানুষকে নির্যাতন করেছে, তাদের জনগণই ক্ষমতা থেকে বিদায় করেছে। কেউ আবার অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে মাদক গ্রহণ বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর