নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন আহত হয়েছেন। কাভার্ড ভ্যান উল্টে খাদে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে। বুধবার (২৯ জুলাই) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদরের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বরিশাল জেলার মোলাদি উপজেলার চর কালেখা গ্রামের হজরত আলী ব্যাপারীর ছেলে গাড়ির চালক মো. ফারুক (৩০) ও চট্রগ্রাম জেলার খোলশি উপজেলার হাজি ঘোনা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাছ ব্যবসায়ী আবুল কাশেম (৪৭)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘চট্রগ্রাম থেকে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-২১৩০) টাঙ্গাইল পার্কের বাজার যাওয়ার সময় টাঙ্গাইল মহাসড়কের শিবপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
এসময় চালক ও মাছের ব্যবসায়ী গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত দুর্ঘটনাস্থলে তাদের উদ্ধার করে।’
