মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় ভবনের পূর্ব পাশের রডের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে বৃদ্ধ ব্যক্তি বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। রাতে ডিউটিরত নাইট গার্ড তাকে ঘুমন্ত অবস্থায় দেখেন। ভোরে হাঁটতে বেরিয়ে কয়েকজন স্কুলের বারান্দার বাহিরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান।
দেওহাটা পুলিশ ফাঁড়ির আইসি মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত ব্যক্তির কাছ থেকে শ্বাসকষ্টের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
