বুধবার, জুন ২৪, ২০২৬
Homeঅপরাধসখীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে নকল পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে অবস্থিত সিকদার এন্টারপ্রাইজকে নকল বৈদ্যুতিক তার ও নকল প্রসাধনী বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ইন্দারজানি বাজারের এ আর মেডিকেল হল অ্যান্ড ডক্টর চেম্বারের স্বত্বাধিকারী আরিফ ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭ হাজার টাকা এবং উপজেলার বড়চওনা এলাকার যুথী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular