এক দেশে এক জমিদারের একটি বিশাল ফলের বাগান ছিল। কিন্তু বাগানের কোনো ফলই সুস্বাদু ছিল না। তাই জনগণ বা প্রজাদের জন্য বাগানটি উন্মুক্ত ছিল। সবাই যারযার মতো বাগানে ঢুকে ফল খেতো। একদিন সকালে জমিদার বাবু বাগানের কয়েকটি গাছে লাল টুকটুকে ফল দেখে প্রাথমিকভাবে আনন্দে আত্মহারা হলেন। রাজ্যেও হৈচৈ শুরু হয়ে গেল। সবাই ভাবলেন নিশ্চয়ই ফলটি মিষ্টি হবে। পরে জমিদার জানতে পারলেন এটা বিষ ফল। এই ফল খাওয়ার সাথে সাথে মানুষ মারা যাবে। তাই বাগানে পাহারাদার বসালেন যেন সাধারণ জনগণ বাগানে প্রবেশ করে ফল আর না খেতে পারে।
কিন্তু জনগণ ভাবলো ফলটি মিষ্টি। আর খাবো বলেই বাগানে পাহারাদার বসানো হয়েছে। তাই তারা ফলটি খাওয়ার জন্য প্রতিনিয়ত অত্যাচার শুরু করতে লাগলো। জমিদার বাবু বিরক্ত হয়ে রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে সচেতন করে বাগানে আরও পাহারাদার নিয়োগ দিলেন। কিন্তু প্রজারা কর্নাপাত না করে পাহারাদারকে ফাঁকি দিয়ে বাগানে প্রবেশ করে ফল খাওয়ার সাথে সাথেই ছটফট করতে করতে মারা যেতে লাগলো। তেমনি আমাদের যেন করোনা নামক বিষ ফল খেয়ে এভাবে ছটফট করে মারা যেতে না হয়।
তার আগেই সরকারের দেওয়া করোনা প্রতিরোধের নির্দেশনাগুলো আবারও মেনে চলার প্রমাণ দিতে হবে। সফল করতে হবে রেড জোন ভিত্তিক লকডাউন ছাড়াও সর্ব ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। বাড়াতে হবে আরও সচেতনতা। ইতিমধ্যে করোনা প্রমাণ করেছে বিশ্বের আধুনিক প্রযুক্তি,অস্ত্র, পেশি শক্তি আজ করোনার কাছে তুচ্ছ। আজ করোনাই যেন হিরো মানুষ হয়েছে জিরো। খবরের কাগজে অথবা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই দেখা যায় উদ্বেগজনকভাবে মৃত্যু বা আক্রান্তের বৃদ্ধির হার। ঈদের পর থেকে প্রতিদিন গড়ে তিন হাজারের উপরে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। যার একমাত্র কারণ আমাদের অসচেতনতা। আর এই অসচেতনতার সুযোগ নিয়েই করোনা কড়ানাড়ছে আমাদের দরজায়। ধনী,গরীব, বৃদ্ধ সুঠাম দেহের তরুণ কেউ রেহাই পাচ্ছে না প্রাণঘাতী এই রাক্ষসের থাবা থেকে। স্তদ্ধ লণ্ডভণ্ড আজ জনজীবন।
স্কুল জীবনে নবম শ্রেণিতে পাঠ্য বইয়ে জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসে পড়ে ছিলাম, সেই কুলাটা গ্রামে মহামারি হিসেবে ওলা বিবির আক্রমনে কিভাবে একটা শান্ত গ্রামের মানুষের জীবন তছনছ হয়ে গিয়েছিল। ওলা বিবি অর্থাৎ কলেরা রোগ। সবাই এর নাম দিয়েছিল ওলা বিবি। আজকে হয়তো সেই ওলা বিবি করোনার রূপ ধারণ করে আমাদের সাজানো গোছানো জীবনকে তছনছ করে দিচ্ছে প্রতিনিয়ত। অশ্বমেধের ঘোড়ার মতো দাপিয়ে বেড়াচ্ছে এক প্রাণ হতে অন্য প্রাণে। প্রতি মুহূর্তে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। এমন মহামারি যেন আগে কখনোই বিশ্ব দেখিনি।
তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলেছিলেন—
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া……
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া।
যেহেতু এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয় নাই। তাই সচেতনতার মাধ্যমেই পরাজিত করতে হবে এই মহামারিকে। মনে রাখতে হবে জীবন আপনার, আপনাকেই সুরক্ষিত রাখতে হবে।
এ বি সিদ্দিক
প্রভাষক (মার্কেটিং)
বল্লা করোনেশন কলেজ
বল্লা বাজার, টাঙ্গাইল
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।