Homeআমাদের টাঙ্গাইলজাতীয় জাদুঘরে টাঙ্গাইলের তাঁতশিল্প নিয়ে চার দিনব্যাপী মেলা

জাতীয় জাদুঘরে টাঙ্গাইলের তাঁতশিল্প নিয়ে চার দিনব্যাপী মেলা

তাঁতিদের নিপুণ হাতে বোনা টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য নিয়ে জাতীয় জাদুঘরে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিনিধি: তাঁতের খটখট শব্দ, রঙিন সুতা আর নিপুণ হাতে বোনা শাড়িতে ফুটে উঠেছে টাঙ্গাইলের শত বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্য সংরক্ষণ, উদ্‌যাপন এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ও মেলা।

‘হেরিটেজ, হারমনি, হ্যান্ডলুম: সেলিব্রেটিং দ্য লিগ্যাসি অব টাঙ্গাইল লুম’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীতে শুধু টাঙ্গাইলের শাড়ি নয়, বরং এ শিল্পের ইতিহাস, কারিগরদের দক্ষতা এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা বয়নপ্রথার গল্প তুলে ধরা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ড যৌথভাবে এ আয়োজন করেছে। মেলা ও প্রদর্শনী চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনের পর বেলা ১টা থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে টাঙ্গাইলের তাঁতশিল্প নিয়ে তথ্যচিত্র প্রদর্শন শুরু হয়। পাশাপাশি গ্যালারিসংলগ্ন লবিতে বসেছে ঐতিহ্যবাহী তাঁতশাড়ির মেলা। সেখানে দর্শনার্থীরা টাঙ্গাইলের বিভিন্ন ধরনের তাঁতশাড়ি দেখার পাশাপাশি এ শিল্পের ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, টাঙ্গাইলের তাঁতশিল্প কেবল পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত নয়, এর সঙ্গে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, কারিগরি জ্ঞান ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বয়নপ্রথা জড়িয়ে রয়েছে। তাই ইউনেস্কোর স্বীকৃতির পর এ ঐতিহ্যকে টেকসইভাবে সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত বয়নশিল্পের ইউনেস্কো স্বীকৃতি বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক ও সাংস্কৃতিক অর্জন। তবে এ স্বীকৃতির সঙ্গে দায়িত্বও বেড়েছে। তাঁতশিল্প সংরক্ষণ ও প্রসারের পাশাপাশি শিল্পীদের অধিকার এবং জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ২০২৪ সালে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া বিরোধের প্রসঙ্গও উঠে আসে। বক্তারা জানান, বাংলাদেশের উদ্যোগ ও অবস্থানের ধারাবাহিকতায় ২০২৫ সালের ৯ ডিসেম্বর ইউনেস্কোর ২০তম অধিবেশনে ‘ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বয়নশিল্প’ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবরিনা মনীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজান ভাইসে।

আলোচনায় টাঙ্গাইলের তাঁতশিল্পের ঐতিহাসিক পটভূমি, নকশা ও বয়নশৈলীর বৈশিষ্ট্য এবং এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ঐতিহ্যকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁতিদের সম্পৃক্ত করে উৎপাদন, বিপণন ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।

RELATED ARTICLES

Most Popular