বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeজাতীয়জামালপুরের সেই ডিসি বরখাস্ত

জামালপুরের সেই ডিসি বরখাস্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত বুধবার ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো: মনির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে। এরপর বিধি অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও জানিয়েছেন নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মাসে ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যায় তিনি ওই অফিসের গোপনীয় শাখার কর্মচারী বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

এই ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টির পর ২৬ আগস্ট জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।

এ ঘটনায় গত ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ১০ দিন করে দুই দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল। ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে।

কমিটিকে প্রকাশিত ভিডিওটির যথার্থতা যাচাই করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। এছাড়া প্রয়োজনে সরেজমিন পরিদর্শন এবং ভিডিওটির যথার্থতা যাচাইয়ের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিটিকে প্রতিবেদনে সুষ্পষ্ট মতামত দিতে বলা হয়েছিল।

তবে প্রতিবেদনে কী উঠে এসেছে সে বিষয়ে মুখ খুলতে চাননি কেউ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular