নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে নাগরপুর উপজেলার খাষ শাহাজানী, ডুমুরিয়া ও আটাপাড়া এলাকায় নিজ নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাষ শাহাজানী গ্রামের মো. মাহমুদুল ইসলাম (৩২), ডুমুরিয়া গ্রামের মো. আশিকুর রহমান (২৬) ও আটাপাড়া গ্রামের মো. নাহিদ হাসান দরবেশ (৪০), পিতা- আতোয়ার সরকার। দরবেশের ভাই শহিদুল ইসলাম শেল্টার এবং মাদকদ্রব্য সাপ্লাই দিয়ে থাকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমানের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ও মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাহমুদুল ইসলাম ও আশিকুর রহমানকে ১০ দিন করে এবং নাহিদ হাসান দরবেশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের যথাক্রমে ১ হাজার, ৬০০ ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
